ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করা হবে: ফজলে হুদা বাবুল
শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

নওগাঁ (বদলগাছী):
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভাষা ও সাংস্কৃতি রক্ষায় একাডেমি তৈরি করা হবে বলে জানান নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সোমবার (২২ডিসেম্বর) দুপুরে উপজেলার কমিউনিটি সেন্টারে বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক সনাতন পাহান।
ফজলে হুদা বাবুল বলেন, এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মানোন্নয়নে কখনো কাজ করতে দেখিনি। তাদের পিছিয়ে রেখে কিছু করতে গেলে উন্নয়ন সম্ভব না। মোট কথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে উন্নত করা লাগবে। শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।
এসময় বক্তব্য রাখেন- তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া। আরো উপস্থিত ছিলেন উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহান সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী পুরুষ।
পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যদের শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি।