জয়পুরহাট:
জয়পুরহাটের ক্ষেতলাল থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে জেলার ক্ষেতলাল থানার উত্তর ছোটবস্তা এলাকা থেকে তাদের আটক করে র্যাব-৫। এদিন দুপুরে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- জয়পুরহাট সদর থানার জগদিশপুর গ্রামের কারেজ হোসেন এর মেয়ে তহমিনা আক্তার ডলি (৩০) এবং মতিবুল ইসলামের ছেলে রিপন হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- আটককৃত রিপন এবং তহমিনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন থেকে তাদের ওপর নজর রাখতো র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার উত্তর ছোটবস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় রিপন এবং তহমিনার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ক্ষেতলাল থানায় হস্তান্তর করা হয়েছে।