ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টলে ক্রেতা-দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা নানা রকম ফার্নিচার ঘুরে ঘুরে দেখছেন। কেউ কেউ পছন্দের খাট, সোফা, ডাইনিং টেবিল ইত্যাদি কিনছেন।
বিক্রেতার বলছেন, মেলায় এক্সক্লুসিভ কিছু আসবাবপত্র নিয়ে এসেছেন তারা। যেগুলো শুধু মেলার শো রুমেই পাওয়া যাচ্ছে। তাই বেচাকেনাও ভালো হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, মেলার ৩০তম আসরে দেশের বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টল এক সারিতে পাশাপাশি রয়েছে। এতে ক্রেতারা কোনো রকম ঝামেলা ছাড়াই পছেন্দের পণ্যটি কিনতে পারছেন।
রাজধানীর পুরান ঢাকার বংশাল থেকে এসেছেন আকলিমা বেগম ও সায়েরা সুলতানাসহ বেশ কয়েকজন গৃহিণী। আকলিমা বলেন, প্রতিবছরই মেলায় ব্র্যান্ড ফার্নিচারের কোম্পানিগুলো আধুনিক নকশার নতুন নতুন পণ্য নিয়ে আসে। তাই দেখার জন্য এসেছি। যদি দামের সঙ্গে পছন্দ মিলে যায় তবে কিনব।
আরেক গৃহিণী জানান, একটি মার্বেল পাথরের ডাইনিং টেবিল পছন্দ হয়েছে। কিন্তু দাম অনেক বেশি চাইছে। মেলার শেষ দিকে আবার আসব। সে সময় মূল্যছাড় দিলে কিনে ফেলব।
গাজীপুরের কালিয়াকৈর থেকে এসেছেন ফাতেমা ও রওশন মিয়া দম্পতি। তারা জানান, বেশ কিছুদিন ধরে ঘর সাজানোর জন্য এক সেট সোফা কিনব ভাবছি। সোফা দেখার জন্যই মেলায় এসেছি। হাতিল, আক্তার, নাদিয়াসহ কয়েকটি প্যাভিলিয়ন ঘুরে দেখেছি। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি। তবে আরও কয়েকটি স্টল ঘুরে দেখে সিদ্ধান্ত নেব।
আক্তার ফার্নিচারের এবিপি (সেলস) দুলাল রায় বলেন, ১৯৭৬ সাল থেকে আক্তার ফার্নিচার ক্রেতার কথা মাথায় রেখে আধুনিক ও মানসম্মত কাঠের ফার্নিচার বাজারে নিয়ে আসছে। আমরা এ বছরই প্রথম মডার্ন ডিজাইনের ফার্নিচার বাজারে নিয়ে এসেছি। বেড, ন্যাচারাল মার্বেলের ডাইনিংসহ বেশকিছু এক্সক্লুসিভ পণ্য রয়েছে, যা মেলার শো রুম ছাড়া বাজারের অন্য শো রুমে এখনো ডিসপ্লে করা হয়নি। ক্রেতাদের আর্কষণের জন্য বেশকিছু পণ্যে ছাড়সহ নানা অফার রাখা হয়েছে।
তিনি বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে আমরা পণ্য এনেছি। মেলায় নগদ বিক্রির পাশাপাশি বেশকিছু পণ্যের অর্ডার পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
নাদিয়া ফার্নিচারের ডেপুটি ম্যানেজার সফিকুল ইসলাম বলেন, মেলায় নিয়ে আসা ৮০ থেকে ৯০ শতাংশ পণ্যই একেবার নতুন ডিজাইনের। যাতে ক্রেতারা সামর্থ্যরে মধ্যে পণ্য ক্রয় করতে পারেন, এজন্য প্রতিটি পণ্যে ১০-১২ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন আইটেমের আসবাবপত্র রয়েছে।
হাতিল ফার্নিচারের সিনিয়র অফিসার রাইসুল ইসলাম জানান, এবার মেলায় হাতিল ফার্নিচার কোম্পানি বেশকিছু একেবারে নতুন আসবাবপত্র নিয়ে এসেছে। ডাইনিং টেবিল ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা, গ্রানাইড পাথরের টেবিল ৯০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা, চেয়ার ১০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, প্রতিবছরের মতো এবারও মেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়নগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। বিক্রিও হচ্ছে ভালো।
সূত্র: যুগান্তর