গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছেন দেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। যাওয়ার একদিন পর ১৫ জানুয়ারি সেখানে ‘রাক্ষস’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদি হাসান হৃদয়। টানা ১৮ দিন এখানেই চলবে রাক্ষসের শুটিং। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও এখন হাজির হয়েছেন শ্রীলঙ্কায়।
গতকাল প্রিন্স সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেন তিনি। সেখানে সপ্তাহখানেক শুটিংয়ে অংশ নিয়ে ফের ঢাকায় আসার কথা রয়েছে তাঁর। প্রিন্স সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ।
গত ৬ জানুয়ারি বাংলাদেশে শুরু হয় ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন’ শুটিং। প্রাথমিকভাবে ছবিটির বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দরাবাদে, পরে শুটিংয়ের পরিকল্পনায় যুক্ত হয় কলকাতা। সর্বশেষ সিদ্ধান্ত, এ ছবির শুটিংও হবে শ্রীলঙ্কায়। ভারতে শুটিংয়ের জন্য দীর্ঘদিন ধরে আবেদন করেও কলাকুশলীদের সময়মতো ভিসা না হওয়াতেই শ্রীলঙ্কায় শুটিংয়ে যাওয়া।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন। তাদের মধ্যে কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ও ঢাকার তাসনিয়া ফারিণের নাম প্রকাশ্যে এসেছে ইতোমধ্যে। তৃতীয় নায়িকা ক্যামিও দেবেন সাবিলা নূর। যদিও এ বিষয়ে এখনও প্রযোজনা প্রতিষ্ঠান কিছুই প্রকাশ করেনি।
নব্বই দশকের ঢাকা মহানগরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে প্রিন্স সিনেমার গল্প। পরিচালকের ভাষ্য, আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সে মোতাবেকই প্রিন্স সিনেমার কাজ চলছে।’
এদিকে গত সপ্তাহখানেক আগেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েন ‘রাক্ষস’ সিনেমার নির্মাতা মেহেদি হাসান হৃদয় ও তাঁর ২৮ সদস্যের শুটিং ইউনিট। সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টালিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে নায়িকাও হাজির হয়েছেন শ্রীলঙ্কায়।
সিনেমাটি যেমন একদিকে শুটিং হচ্ছে অন্যদিকে ফুটেজ অনলাইনে চলে যাচ্ছে ইডিট প্যানেলে। তাই আগামী ঈদুল ফিতরে মুক্তিতে কোনো তাড়াহুড়ো থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে।
নির্মাতা বললেন, ‘শ্রীলঙ্কায় রাক্ষসের ১৮ দিনের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। আজ আমাদের শুটিং শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনে চলবে এডিটিংও। পরিকল্পনামাফিক সব করতেই আমি টিম নিয়ে শুটিং শুরুর বেশ আগে চলে আসছি। তাই যথাযথ সময়ে শুটিংও শুরু করলাম। আমাদের জন্য দোয়া করবেন যেন নির্ধারিত সময়ে শুটিং শেষ করে দেশে ফিরতে পারি। ঈদুল ফিতরে দারুণ একটা রাক্ষস উপহার দিতে পারি।’
ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় শুরু হয় রাক্ষসের শুটিং। এরপর এফডিসিতে সাদামাটা আয়োজন করে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সিনেমাটিতে সিয়াম-সুস্মিতা ছাড়া আর কে কে থাকছেন, তা এখনও জানানো হয়নি। গুঞ্জন রয়েছে বলিউডের একজন অতিপরিচিত মুখ থাকবে এতে। পাশাপাশি বাংলাদেশেরও একাধিক চমক জাগানিয়া মুখের উপস্থিতি থাকবে। সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। এর আগে এই প্রোডাকশন থেকেই ‘বরবাদ’ সিনেমা নির্মিত হয়।
দুটি সিনেমাই আগামী ঈদুল ফিতরে মুক্তির উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। সব ঠিক থাকলে এ উৎসবে ভিন্ন দুই সিনেমায় ভিন্ন দুই ধরনের অভিজ্ঞতা পাবেন দর্শকরা।
সূত্র: সমকাল