নওগাঁ:
নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রশিদ জেলার রানীগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় তিনি কারাগারে ছিলেন। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারাগার থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেল ৪টা ১০ মিনিটে ভর্তি করালে ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ায় দ্রুত মারা যান।