নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবিরের মনোনয়নপত্র জমা
শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫

নওগাঁ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ ( আত্রাই-রানীনগর) আসনে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলমগীর কবির। তিনি বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁর জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে আলমগীর কবির সাংবাদিকদের বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, রাষ্ট্র মেরামত এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিবর্তন প্রয়োজন। দেশের রাজনৈতিক অনাচার, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাটের বিরুদ্ধে কাজ করবো। আমার এলাকাবাসীর প্রতি আহ্বান সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা টাকার ঝঞ্ঝানানি দেখিয়ে নির্বাচনকে কুলুষিত করছে তাদেরকে রুখে দিতে হবে। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি এবং কাজ করেছি। দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। কতটুকু পেরেছি এবং কতটুকু সফল হয়েছি এটি জনগণ বলতে পারবে।
এ সময় আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।