নওগাঁ:
নওগাঁর ধামইরহাট সীমান্ত পিলার ২৫৯ এমপি হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার পুকুর খনন করার সময় ১টি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৪ বিজিবি। মঙ্গলবার রাত ১১ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ধামইরহাট শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে নলপুকুর বুড়োল দিঘী নামক এলাকার স্থানীয় লোকজন পুকুর খনন করছিল। এসময় তারা পাথর সদৃশ্য একটি বস্তু দেখদে পান। পরে স্থানীয় বিজিবি ক্যাম্পে অবগত করা হয়।
এসময় শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মোঃ তহুরুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় মূর্তিটি পুকুর থেকে উদ্ধার করে। মূর্তিটির ওজন আনুমানিক ২৭ দশমিক ৫৮০ কেজি। পরবর্তীতে
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন এর দিকনির্দেশনা স্বর্ণকার কর্তৃক নাইট্রিক এসিড ও স্বর্ণের পরীক্ষার মাধ্যমে মূর্তিটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথরের মূর্তি বলে প্রতীয়মান হয়। উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির মূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশী বলে জানানো হয়।