
নওগাঁ:
নওগাঁয় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সকল অফিসারবৃন্দের সাথে মামলা তদন্তের অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন, সময়মতো ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় পুলিশ সুপার থানায় আগত সাধারণ জনগণ ও সেবা প্রার্থীদের প্রতি পেশাদার, মানবিক ও দ্রুত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিতকরণ, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত মোট ২৯ জন অফিসার ও ফোর্সকে সম্মাননা পুরস্কার প্রদান করেন।