মনোনয়নপত্র নিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির
শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

নওগাঁ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় নওগাঁর জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আলমগীর কবির বলেন, কালো টাকাকে মোকাবেলা করার জন্য নির্বাচনে এসেছি। আত্রাই ও রানীনগরের মানুষ কালো টাকাকে ঘৃণা করে। টাকার ইলেকশন অন্যায় ইলেকশন। এখানে জনমতের কোন প্রতিফলন ঘটে না। যারা টাকার ঝঞ্ঝনানি দেখাচ্ছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে মোকাবেলা করব।
রাজনীতিতে যারা সততা ও দেশপ্রেম দেখাতে পারবে না তাদের রাজনীতি থেকে চলে যাওয়া উচিত। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করায় আমার প্রধান লক্ষ্য। আত্রাই-রানীনগরের মানুষ আমাকে চায় দেখেই নির্বাচনে এসেছি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তার ছোট ভাই আনোয়ার হোসেন বুলু, বিএনপি নেতা নজরুল মাস্টার, এ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল, জয়নাল আবেদীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।