
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তার প্রতিদ্বন্দ্বী ও বিজয়ী বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই এনসিপি নেত্রী। নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় হিসেবে দেশে থেকেই রাজনৈতিক পরিবর্তনের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। জারা বলেছেন, একটি নির্বাচনে জয়-পরাজয় চূড়ান্ত নয়; দীর্ঘমেয়াদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই তার মূল লক্ষ্য।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তাসনিম জারা।
পোস্টে তাসনিম তিনি বলেন, অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাবো। তবে আমি কোথাও যাচ্ছি না। আমার শেকড় এই দেশে, আমার কাজও এখানেই।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের জন্যই আমার পথচলা শুরু। এটি কোনো একক নির্বাচনী লড়াই নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন নাগরিকত্বের চর্চাই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রচারণাকালে নারীদের ব্যাপক অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে উল্লেখ করে তাসনিম জারা বলেন, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান বদলে দেয়। তরুণী ও কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, স্বপ্ন দেখতে ভয় পেও না। ক্ষমতার কেন্দ্রে তোমাদেরও অধিকার রয়েছে।
স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, পরিচ্ছন্ন ও ইতিবাচক রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সংগঠিত ও সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি।
আমাদের সেরা সময় এখনো সামনে উল্লেখ করে তাসনিম জারা বলেন, নির্বাচনে আমার প্রাপ্ত বিপুল ভোট ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। জনগণ পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতি আগ্রহী।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা জরুরি। প্রতিটি কেন্দ্রে সচেতন নাগরিক ও সাহসী প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আরও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে হেরেছেন সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। ওই আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে মোট এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। অর্থাৎ তিনি তাসনিম জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়েছেন। এই আসনে ফলাফলে জারার অবস্থান হয়েছে তৃতীয়।
সূত্র: যুগান্তর