নওগাঁ:
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ওবাইদুল হক(৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওবাইদুল হক জেলার পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। রাত ৭টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ তৌফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল এবং একটি মোটরসাইকেলসহ চোরাকারবারী ওবাইদুল হককে আটক করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন- নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।