নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় কাঠ বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকে হামলা চালিয়ে ট্রাক ভাংচুর এবং চালককে মারধর করে।
নিহতরা হলেন- উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টি গ্রামের কাওছার আলীর স্ত্রী খাতিজা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (৯)।
সিসি টিভি ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সাপাহার উপজেলা থেকে কাঠ বোঝায় একটি ট্রাক নওগাঁর দিকে আসছিল। স্ত্রী ও কণ্যা সন্তানকে নিয়ে নজিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন কাওছার আলী। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের পাশ দিয়ে মোটরসাইকেল যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টি ডান পাশে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘতাক ট্রাকটিকে জব্দ এবং ট্রাক চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।








