শনিবার , ২৪ জানুয়ারি ২০২৬ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উদ্যোক্তা
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চট্টগ্রাম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্য প্রযুক্তি
  14. ধর্ম
  15. নারী ও শিশু

অপপ্রচারের বিরুদ্ধে নওগাঁয় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
শিরোনাম ২৪
জানুয়ারি ২৪, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ

নওগাঁ :

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় জোট থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে আমরা জোট ত্যাগ করেছি এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। আদর্শগত কারণেই তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খ্রিস্টানদের এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, শরিয়াহ আইনে নয় বরং দেশের প্রচলিত আইনেই দেশ পরিচালিত হবে। এ বক্তব্য আমাদের ভালো লাগেনি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আদর্শ ও স্বার্থ রক্ষার লক্ষ্যেই জোটে যুক্ত হয়েছিল।

সংবাদ সম্মেলনে একটি পত্রিকায় প্রকাশিত একটি নির্বাচনী জরিপ নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়। ওই জরিপে বিএনপির জনসমর্থন ৩৪ শতাংশ, জামায়াতে ইসলামীর ২৩ শতাংশ, এনসিপির ৭ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ০.০১ শতাংশ দেখানো হয়। বক্তারা বলেন, “জামায়াতে ইসলামী এই জরিপকে গুরুত্ব দিয়ে আচরণ শুরু করেছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে বিশ্বাস করে না। আমাদের দল বহু পুরোনো এবং দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, নায়েবে আমিরের বাসা থেকে বিএনপির নির্বাচনী পোস্টারসহ ৪০০ কোটি টাকা উদ্ধারের দাবি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ‘র’-এর এজেন্ট হিসেবে আখ্যায়িত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চরমোনাইয়ের পীর সাহেব ১১ দলীয় জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন। ইসলামের আদর্শ প্রচার ও ইসলামী স্বার্থ রক্ষার লক্ষ্যেই জামায়াতে ইসলামকে জোটভুক্ত করা হয়েছিল। বক্তারা স্পষ্ট করে বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না। তাই কোটা বা আসন ভাগাভাগি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা লেজুড়বৃত্তিক রাজনীতিতে বিশ্বাসী নই; বরং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা সেক্রেটারি মোঃ শহিদুল আলম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নূর মোমিনুল হক এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন।

সর্বশেষ - অন্যান্য