নওগাঁ:
নওগাঁ-১ (পোরশা,সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেছেন, অন্যান্য আসনের তুলনায় এই আসন যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে রয়েছে। এই আসনের অধিকাংশ গ্রামীন রাস্তা এখনো পাকাকরণ হয়নি। নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে সকল গ্রামীন রাস্তা গুলোকে আগামী পাঁচ বছরের মধ্যে পাঁকা করা হবে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো রেল যোগাযোগ চালু করা। আমি কথা দিচ্ছি ব্রিটিশ আমলের প্রস্তাবিত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে নিয়ামতপুর পোরশা ও সাপাহারের উপর দিয়ে জয়পুরহাটের আক্কেলপুর পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহন করা হবে।
রোববার ( ০৮ ফেব্রুয়ারি) বিকেলে পোরশার কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল আলম বলেন, সাপাহার এবং পোরশা আমের রাজধানী। আমের সময় এখানকার লোকজনকে যানজটে পড়তে হয়। যানজট নিরসনের জন্য আড্ডা থেকে নজিপুর পর্যন্ত সড়ক ফোরলেন করা হবে। সেই সাথে আম বাজারের যে সিন্ডিকেট রয়েছে তা ভেঙে দেওয়া হবে। কৃষকরা যাতে ভালো ফসল উৎপাদন করতে পারে সে জন্য উন্নত বীজের ব্যবস্থা করা হবে। এখানে কৃষকদের প্রতিদিন কয়েক কোটি টাকার আম নষ্ট হয়ে যায়। আমের নাজ্য মূল্য নিশ্চিতে ব্যবস্থা এবং ম্যাংগো প্রসেসিং জোন স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, তরুনদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। তরুনদের রক্তের বিনিময়ে তারেক রহমান লন্ডন থেকে দেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। আমরা সেই তরুনদের হাতে কাজ তুলে দিতে চাই। আমরা আমাদের কোন যুবককে বেকার রাখতে চাইনা। তাদের সাবলম্বী করার লক্ষ্যে তিন উপজেলা তিনটি হিউম্যান রিসোর্স সেন্টার স্থাপন করা হবে।
পোরশা উপজেলা জামায়াতের আমির সাগর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, এনসিপির যুব যুগ্ম সদস্যসচিব নিশাত আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য নওশাদ আলী, জেলা জজ কোর্টের কার্য নির্বাহী সদস্য এসএম জুবায়ের, জেলা শিবিরের সেক্রেটারি আজফারুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।