নওগাঁ :
নওগাঁয় বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। নতুন বইয়ের গন্ধ ও ঘ্রানে খুশি তারা।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বই বিতরণ শুরু হয়। নওগাঁ জিলা স্কুল, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় ও নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সারিবদ্ধ ভাবে প্রতিটি শ্রেনীকক্ষে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
নওগাঁ জিলা স্কুল
নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত, নতুন বইয়ের ঘ্রাণ ও হাতে বই পাওয়ার আনন্দ তাদের মধ্যে বাঁধভাঙা উল্লাস তৈরি করে। শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধ শুঁকে, পাতা উল্টে অনুভূতি প্রকাশ করেন। এটি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে জানায় শিক্ষার্থীরা।
নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগ সূত্রে জানা যায়- মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট বইয়ের চাহিদা ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬ টি। এর বিপরীতে পাওয়া গেছে ২০ লাখ ৬৮ হাজার ১৮০ টি বই। তবে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বইয়ের চাহিদা ১০ লাখ ৮৮ হাজার ৯৯৫ টি। চাহিদা অনুযায়ী বই পাওয়া গেছে।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অরিত্রা রায় জানায়- বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার যে আনন্দ তা বলে প্রকাশ করা সম্ভব না। বইয়ের গন্ধ অনেক ভাল লাগে। বার্ষিক পরীক্ষার পর বেশ কিছুদিন ছুটি পেয়েছিলাম। নতুন শ্রেনীতে নতুন বই, আবারও নতুন করে পড়াশোনা শুরু হলো।
নওগাঁ বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান বলেন- তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা নতুন বই নিতে স্কুলে ভীড় করে। এ বছর বইয়ের মান ভাল মনে হয়েছে। বাংলা ভার্সনের অষ্টম শ্রেনীর এবং ইংরেজি ভার্সনের ষষ্ঠ শ্রেনী থেকে নবম শ্রেনীর বই এখনো পাওয়া যায়নি। তবে আশা করা যায় শিগগিরই বইগুলো পাওয়া যাবে। বই হাতে পাওয়া মাত্রই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
নওগাঁ জিলা স্কুল
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন- নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা খুবই উচ্ছ্বসিত। চাহিদা অনুযায়ীই বই পাওয়া গেছে। ভাল কাগজ ও প্রিন্ট দেখে মনে হয়েছে গত বছরের তুলনায় এ বছর বইয়ের মান কিছুটা উন্নত মনে হয়েছে। যেটা বাচ্চারা পছন্দ করে। তবে বইয়ে যেসব কন্টেন রয়েছে তার পর্যায়ক্রমে বুঝতে পারা যাবে।
নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাৎ হোসেন বলেন, জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২৮ লক্ষ ৪৮ হাজার ৮৬৬টি। ইতোমধ্যে বই এসেছে ২০ লক্ষ ৬৮ হাজার ১৮০টি। যে পরিমাণ বই পাওয়া গেছে তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া যে বই গুলো আসেনি সেগুলো আসা মাত্রই শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।













