নওগাঁ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে টিকিট না পেলেও ভোটে লড়তে নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন নজমুল হক সনি। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র। মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমাও দিয়েছেন তিনি। হলফনামায় তিনি নিজেকে ব্যবসায়ি হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেছেন- নিজ আয় হতে ২০ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন। এছাড়াও তার হাতে নগদ রয়েছে ৩০ লাখ ৮১ হাজার ১৭১ টাকা।
দাখিল করা হলনামায় দেখা গেছে- তার মোট স্থাবর সম্পত্তির মধ্যে জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের পল্লবী মৌজায় ১৯ হাজার ১৮০ দশমিক ৬৯ সহস্রাংশ জমি। যার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ৩৯ হাজার ২৯৮ টাকা। এছাড়া এইচ ২৭২০ দুবলহাটি রোডে একটি বাড়ি রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা।
তার জমাকৃত আয়কর রির্টান অনুসারে ইউ.সি.বি ব্যাংকে ঋণ রয়েছে- ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ২০৩ টাকা। এছাড়া বাৎসরিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৫৭ হাজার ৪২২ টাকা এবং ব্যয় ৭ লাখ ২০ হাজার টাকা। অর্থ্যাৎ আয়ের চেয়ে ব্যয় ৬২ হাজার ৫৭৮ টাকা বেশি দেখানো হয়েছে। এছাড়া ৫টি মামলা হলেও সবগুলো নিষ্পত্তি হয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়- নিজের বাড়ি, ব্যবসা ও ভাড়া থেকে বছরে আয় ২ লাখ ২২ হাজার ৩০৪ টাকা। এছাড়া নির্ভরশীলদের বছরের আয় ৪ লাখ ৪ হাজার ২৫০ টাকা। নিজের হাতে নগদ রয়েছে ৩০ লাখ ৮১ হাজার ১৭১ টাকা। স্ত্রী আঞ্জুমান আরা’র নগদ রয়েছে ৭ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। নিজের একটি পালসার মোটরসাইকেল রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। স্ত্রীর নামেও ২০ তোলা স্বর্ণ রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা। নিজের ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং স্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা।
উত্তরাধিকার সূত্রে হাট-নওগাঁ মৌজায়৪৩৭ দশমকি ৫০ সহস্রাংশ জমিতে বাণিজ্যিক ভবন এবং জেলার মহাদেবপুর উপজেলার বেলবাড়িয়া মৌজায় ৯ হাজার ৯৪৯ সহস্রাংশ জমিতে একটি রাইস মিল রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ২৯৮ টাকা।
এছাড়া স্ত্রীর নামে তার বাবার নিকট থেকে হেবা দলিল মূলে পাওয়া শহরের চকদেব মৌজায় দোকান ঘর ও বাড়ি রয়েছে। এছাড়া ঢাকার কাকরাইল রমনায় ১ হাজার ৩৭৫ বর্গফুটের একটি ফ্লাট রয়েছে যা মরহুম বাবা আয়েন উদ্দিনের ক্রয়সূত্রে পাওয়া। যার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন নজমুল হক সনি।
হলফনামায় আরো উল্লেখ করছেন- নিজের অর্জনকৃত সম্পত্তির মোট মূল্য ২ কোটি ৪৫ লাখ ৩৯ হাজার ২৯৮ টাকা। যার বর্তমান মূল্য ধরা হয়েছে ১০ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া স্ত্রীর অর্জনকৃত সম্পত্তির মোট মূল্য ১ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা। যার বর্তমান মূল্য ধরা হয়েছে- ৮ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৫২৫ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া নিজের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬ লাখ ৫৭ হাজার ৪২২ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ২ কোটি ১১ লাখ ৬৮ হাজার ৯০৯ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া স্ত্রীর আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৪ হাজার ২৫০ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার ২৫০ টাকা।











